সিলেটে পুলিশের বিশেষায়িত দল সিআরটির যাত্রা শুরু

সিলেট নিউজ বিডি ডেস্কঃ পূণ্যভূমি সিলেটকে জঙ্গি, মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত রাখতে দায়িত্ব পালন করবে পুলিশের বিশেষায়িত দল ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)। বুধবার ২৯ আগস্ট সিলেট পুলিশ লাইন্সে আনুষ্ঠানিক মহড়ার মাধ্যমে সিআরটির যাত্রা শুরু হয়। এর আগে চট্টগ্রাম ও রাজশাহীতে শুরু হয় এর কার্যক্রম।

মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, জঙ্গি দমন ও মাদক চোরাচালান প্রতিরোধসহ বড় ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে এই দল।

২৪ সদস্যের বিশেষ এ দলটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও জর্ডানে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছে জানিয়ে তিনি বলেন, গ্রেফতার বা দমন অভিযানসহ যে কোনো পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নেয়া ও অস্ত্র পরিচালনার জন্য তাদের নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন যুক্তরাষ্ট্র ও জর্ডানের প্রশিক্ষকরা।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) শাহরিয়ার আল-মামুন সিলেট সিআরটির নেতৃত্ব দিচ্ছেন। টিম লিডার হিসেবে রয়েছেন সহকারী পুলিশ কমিশনার আহমেদ পিয়ার ও মুনাদির ইসলাম চৌধুরী।

এছাড়া আছেন দুইজন পরিদর্শক, ছয়জন উপ-পরিদর্শক, দুইজন সহকারী উপ-পরিদর্শক, দুইজন নায়েক ও নয়জন কনস্টেবল।