সিলেট নিউজ বিডি ডেস্ক: যানজট নিরসনে রাজধানীর কারওয়ান বাজার স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। ৩৫০ কোটি টাকা ব্যয়ে ঢাকা শহরের মহাখালী, যাত্রাবাড়ী ও আমিনবাজার এলাকায় তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণ প্রকল্প চলমান আছে, যা ২০১৯ সালের জুনে শেষ হবে।
রোববার বিকেলে ২২তম অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ’র তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ওই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কারওয়ান বাজারের কাঁচাবাজারসহ তিনটি কিচেন মার্কেট স্থানান্তরের মাধ্যমে ঢাকা শহরের যানজট নিরসন হবে এবং ন্যায্যমূল্যে কৃষিজাত পণ্য বাজারজাতকরণ সম্ভব হবে।
যানজট নিরসনে ২৪ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরার হাউজ বিল্ডিং পর্যন্ত ১১টি ইউর্টান নির্মাণ কাজ চলমান আছে; যা ২০১৯ সালের জুনে শেষ হবে। এই প্রকল্পে বর্তমান অর্থবছরে ০.০১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রকল্পের ১০ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে।
তাছাড়া সিটি করপোরেশনের ক্লিনারদের ৪টি ১৫তলা আবাসিক ভবন নির্মাণ এবং একটি স্কুল নির্মাণ করা হচ্ছে। ১৭৭ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে গাবতলী সিটি পল্লিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্লিনারবাসীদের বহুতলবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প চলমান আছে; যা জুনের মধ্যে শেষ হবে। বর্তমান অর্থবছরে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পের ৬ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে বলেও জানান মন্ত্রী।
Sylhetnewsbd Online News Paper