ভারতীয় ২ নাগরিককে গ্রেপ্তার করেছে বড়লেখা পুলিশ

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় ২ নাগরিক অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ২ ভারতীয় নাগরিককে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক হওয়া ভারতিয় ব্যক্তিরা হচ্ছেন- আসাম রাজ্যের নগাঁও জেলার হুজাই থানার আমলিপুকুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে দোলোয়ার হোসেন (২২) এবং একই এলাকার খলিল উদ্দিনের ছেলে সেলিম উদ্দিন (২২)।

শনিবার (০৬ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানিয়েছে, গত ৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুজানগর ইউনিয়নের সোনাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন শুক্রবার সকালে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী শনিবার রাত ৮টায় জানান, আটক হওয়া দুজন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট নিউজ বিডি ডট কম/ম;উ/০৭/১০১৮ইং