সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের কৈতক ২০শয্যা বিশিষ্ট হাসপাতালে আজও জুটেনি কোনো এ্যাম্বুলেন্স। নিজস্ব কোন এ্যাম্বুলেন্স না থাকায় এখানে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যাওয়ার ক্ষেত্রে এ্যাম্বুলেন্স না পেয়ে প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছেন। এখানে দ্রুত একটি এ্যাম্বুলেন্স প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, বিশাল জনবহুল অধ্যুষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের মাঝামাঝি স্থানে ষাটের দশকে নির্মিত হয় কৈতক ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। এ হাসপাতালে আউটডোর-ইনডোর মিলে প্রায় সহ¯্রাধিক রোগীর সমাগম ঘটে প্রতিনিয়ত। নারী-পুরুষসহ শিশু রোগীর সংখ্যা অত্যাধিক রয়েছে এখানে। তাছাড়া সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মধ্যবর্তী জায়গায় এটির অবস্থান হওয়ায় প্রায় ৬৮ কিঃমিঃ দীর্ঘ মহাসড়কে প্রতিনিয়তই ঘটা দূর্ঘটনায় আহতের ঠাঁই হয় এই হাসপাতালে। অনেকসময় মূমূর্ষ রোগীকে জরুরী ভিত্তিতে বিভাগীয় শহরে নিয়ে যেতে হয়। তখন যানবাহন সংকটে প্রায়ই মূমূর্ষ রোগীরা মৃত্যুরকূলে ঢলে পড়ে।
স্থানীয়রা জানান, বিশাল জনবহুল অধ্যুষিত এলাকার ২০ শয্যা বিশিষ্ট কৈতক হাসপাতালের এ সংকট দীর্ঘদিনের। প্রায়ই এখানের বিভিন্ন সমস্যা সম্পর্কিত দাবি-দাওয়া স্থানীয় জনপ্রতিনিধি বরাবরে পেশ করা হলেও প্রতিকারে কেউই এগিয়ে আসছেন না। তারা আরো জানান, এখানে জটিল ও কঠিন রোগী ছাড়াও বিভিন্ন সময়ে সড়ক দূর্ঘটনা কিংবা সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত রোগীদের নিয়ে আসা হয়। এদের অনেককে জরুরী ভিত্তিতে সিলেটে প্রেরণ করতে হয়। তখনি দেখা দেয় যানবাহন সমস্যা। তাৎক্ষণিক সমাধানে বিকল্প কোনো ব্যবস্থাও থাকে না।
ভুক্তভোগী এলাকাবাসীর দীর্ঘদিনের এ দাবী বাস্তবায়নে বর্তমান সরকারের সংশ্লিট বিভাগসমূহ, স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সু’দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
সিলেট নিউজ বিডি ডট কম/হেলাল/১৮ অক্টোবর ২০১৮
Sylhetnewsbd Online News Paper