সিলেটে ফুলতলী সমর্থকদের উপর কওমী সমর্থকদের হামলা: সড়ক অবরোধ

সিলেট নিউজ বিডি ডেস্ক: ৩১ অক্টোবর বুধবার সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নে ফুলতলী সমর্থিত পুরান কালারুকা দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসার পুরস্কার বিতরণী ও জলসায় হামলা চালিয়েছে কওমী সমর্থকরা। হামলায় দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসার প্যান্ডেল ভাংচুরসহ হামলাকারীরা মাইক, ডেস্ক, বেঞ্চ, জেডিসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও জলসার শিরনির আসবাবপত্র লুট করে নিয়ে যায়। হামলায় দারুস সুন্নাহ মাদরাসার ৬/৭ জন আহত হয়েছেন। একই এলাকার মিফতাহুল উলুম কওমী মাদরাসার ছাত্র, শিক্ষক ও সমর্থক গোষ্ঠী এ হামলা চালায় বলে জানান মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মুজাহিদ উদ্দিন।

এদিকে হামলার ঘটনায় বিক্ষুব্দ হয়ে উঠেন ফুলতলী সমর্থকরা। বুধবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফুলতলী সমর্থিত বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষক ও অনুসারীরা বাদাঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। যে কারণে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ঘটনার খবর পেয়ে সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অবরোধ স্থলে ছুটে যান। পরে তাদের অনুরোধে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। অবরোধ চলাকালে বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী উচ্চারণ করেন।

পরে সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদরাসা মাঠে বিক্ষুব্ধ ছাত্র-জনতার এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানূরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, প্রবীণ সালিশ ব্যক্তিত্ব মকবুল হোসেন মখল, অ্যাডভোকেট নূরে আলম সিরাজী, মোগলগাঁও ইউপি চেয়ারম্যান হিরন মিয়া, হাটখোলা ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সোনাতলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, প্রফেসর কমর উদ্দিন, হাজী মঈন মিয়া, জিয়াদ আহমদ, কালারুকা দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুজাহিদ আলী, হাউসা মাদরাসার সুপার মাওলানা আজিজ আহমদ, ছাতক কালারুক মাদরাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেটের ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, শাহনুর আলম মেম্বার, সৎপুর মাদরাসার শিক্ষক আজিজুর রহমান, মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, তালামীযে কেন্দ্রীয় সহ-সভাপতি শরীফ উদ্দিন প্রমুখ। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ফুলতলী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।