নগরীর পনিটুলায় বাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, মামলা দায়ের

সিলেট নিউজ বিডি ডেস্ক: নগরীর পনিটুলায় একটি বাসায় চাঁদা না দেয়ায় হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যা ৬ টার দিকে সিলেট নগরীর পনিটুলা আবাসিক এলাকার পল্লবী ব্লক-সি-২৫ নং অজিত বাবুর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনের নামোল্লেখ করে বুধবার রাতে এসএমপির জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেছেন অজিত বাবু। মামলা নং-০১(০১.১১.১৮)।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন অজিত বাবুর কাছ থেকে স্থানীয় কিছু সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসাছিলো। চাঁদা দিতে না চাইলে সন্ত্রাসীরা প্রায়ই প্রাণনাশ সহ বিভিন্ন হুমকি দিয়ে আসাছিলো বলে অভিযোগ করেছেন অজিত বাবু। এমন কি গতকয়েক দিন আগে দূর্বৃত্তরা অজিত বাবুর মোটরসাইকেল যোগে বাসায় যাওয়ার পথে তার গতিরোধ করে চাঁদা না দিলে দেখে নিবে বলে হুমকিও দেয়। তিনি বিষয়টি স্থানীয় মুরুব্বিদের অবগত করেন বলে অজিত বাবু জানান। বিষয়টি স্থানীয় মুরুব্বিদের জানানোর পর তারা আরো ক্ষিপ্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার সন্ধ্যায় ২০/২৫ জন সন্ত্রাসীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বাসার ভেতরে ঢুকে একটি প্রাইভেট কারসহ বেশকিছু আসবাবপত্র ভাঙচুর করে। এসময় তারা আলমিরা ভেঙ্গে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা ও সাড়ে ৭ ভড়ি স্বর্নারঙ্কার নিয়ে পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় সুমন নামে একজন আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। মামলায় আসামিরা হলেন- পাঠানটুলার ৬৫ নং মজুমদার কটেজের আলী আকবরের ছেলে রানা আহমদ শিপলু (৩২), একই এলাকার রুকন মজুমদারের ছেলে রিয়াদ মজুমদার (২৫), রেদুয়ান আহমদ (২০), পারভেজ আহমদ (২৩), আল-আমীন (২২) ও সুমন আহমদ (২৪)। এছাড়াও অজ্ঞাত আরো ১৫ জনকে রাখা হয়েছে।

এ বিষয়ে অজিত বাবু জানান, স্থানীয় কিছু সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসাছিলো। চাঁদা দিতে না চাইলে সন্ত্রাসীরা গত বুধবার আমার বাসায় হামলা চালিয়েছে। এসএমপির জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম খাঁন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি মামলাও হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।