অবৈধ বালু উত্তোলন: সিলেটে জেলা প্রশাসককে নিস্পত্তি করতে হাইকোর্টের নির্দেশ

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতক উপজেলার সীমান্তবর্তী সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী এলাকায় বালু মহালের সংশ্লিষ্ট ইজারাদার অবৈধ ভাবে দীর্ঘদিন যাবৎ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত সপ্তাহে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশনের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশফাকুল কামাল ৩০দিনের মধ্যে নিষ্পত্তি করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সিলেটের জেলা প্রশাসক এবং সভাপতি জেলা বালুমহাল পরিচালনা কমিটিকে নির্দেশ প্রদান করেছেন।

ছাতক বালু ব্যবসায়ীদের অভিযোগ, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১১এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা ২০১০অনুযায়ী উম্মুক্ত শ্রেনীর বালু মহালে ড্রেজার দিয়ে বালু উত্তোলন আইনগত নিষিদ্ধ। তারপরও স্থানীয় ইজারাদার ইজারা চুক্তির শর্ত লঙ্ঘন করে প্রশাসনের সহযোগিতায় অবাধে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে স্থানীয় জনসাধরনের সম্পদ। ধলাই সেতুসহ অসংখ্য স্কুল-মসজিদ বাজারসহ নানা স্থাপনা ধবংস হচ্ছে।

অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে এলাকার বালতি দিয়ে বালু উত্তোলনকারী হাজার হাজার দিন মজুর শ্রমিকরা দীর্ঘদিন ধরে বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা এর প্রতিবাদে শহরে একাধিক সভা-সমাবেশ, মানববন্ধন করেও কোন সুফল না পেয়ে ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী সমবায় সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার গত ৬ আগষ্ট মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন, যার নং-(১২৫৯৯/২০১৮)। হাইকোর্টের দায়ের করা রিট পিটিশনটি শুনানি করেন ব্যারিস্টার রুহুল আমিন মিহন।