সিলেট নিউজ বিডি ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় যাওয়া নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই বলে মন্তব্য করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। তিনি ‘সৌহার্দের বার্তা’ নিয়েই সৌজন্য সাক্ষাতে অর্থমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন বলেও জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সকালে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বি মহাজোটের মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের সাথে সাক্ষাত করতে নগরীর ধোপাদিঘীরপারস্থ হাফিজ কমপ্লেক্সে গিয়েছিলেন। সেখানে তাকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় প্রায় পৌনে একঘন্টা তারা একত্রে সময় কাটান।
পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা চলতে থাকে। মতবিনিময়ে সাংবাদিকরা এ সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করলে প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘এ বিষয়টি নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। তিনি সিলেটের মন্ত্রী, সিনিয়র মন্ত্রী। তাঁর সাথে পরিচয় আছে। (সৌজন্য সাক্ষাতের) এই যে সৌজন্যতা, এটাই সিলেটের ট্র্যাডিশন। এর মাধ্যমে প্রশাসনকেও দেখাতে চাইছি, অসহযোগিতামূলক, বিদ্বেষমূলক আচরণ কাম্য নয়। সম্প্রীতি যাতে বজায় থাকে। সহমর্মিতা, সহযোগিতার মনোভাব, সম্প্রীতি চাই। বৈষম্যমূলক আচরণ প্রত্যাশা করি না।’
তিনি বলেন, ‘মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে। একজন যদি সম্প্রীতির মনোভাব দেখাতে চায়, কাঠগড়ায় দাঁড় করানো হয়। কিন্তু আমরা চাই, শান্তিপূর্ণ, সৌহার্দপূর্ণ পরিবেশ থাকবে। সৌহার্দ বজায় থাকবে। আইনের শাসন প্রতিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতা চাই।’
Sylhetnewsbd Online News Paper