বিদ্রোহীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে: কাদের

সিলেট নিউজ বিডি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা অপেক্ষা করুন দ্রুত বিদ্রোহীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। হুশিয়ারি দেওয়ার পরও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রায় ১৮টি আসনে আওয়ামী লীগের বিভিন্ন নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার দুপুর ১টায় নোয়াখালীর-৫ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এক নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা নারীদের সম্মান দিয়েছেন। আগে সন্তান জন্ম হলে নিবন্ধনে বাবার নাম থাকতো, এখন নিবন্ধনে মায়ের নাম সংযুক্ত করেছেন। এই কাজটি করে আমাদের নেত্রী নারীদের সম্মানিত করেছেন।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার নোয়াখালী-৫ আসনের ৯৩% এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে। বিএনপির নেতা তারেক রহমান বিদ্যুৎ এর খাম্বা ব্যবসা করেছে। মানুষের মাঝে খাম্বা ছাড়া কিছুই দিতে পারে নাই। সব দলের কাছে শুধু একটা কথা নোয়াখালীর দুঃখ হল নোয়াখালীর খাল। সে খালের কাজ সেনাবাহিনীর মাধ্যমে হচ্ছে। এ কাজের বিনিময়ে আমাকে সকল দলের লোকজন ভোট দিবেন।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমি বিগত বছরগুলোতে সাড়ে ৪ হাজার বেকার যুবকের চাকরির ব্যবস্থা করেছি। আগামীতে নির্বাচিত হলে প্রত্যেক এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হবে। সোনাপুর জোরালগঞ্জ সড়কসহ এ এলাকায় রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট বাকি রাখি নাই। গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার করার জন্য শেখ হাসিনা সরকার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করা হয়েছে। এ সরকার ক্ষমতায় আসার পর ২শত কোটি টাকা ব্যয়ে মুছাপুর ক্লোজারের কাজ শেষ করে এ এলাকার জনগণকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার ঘোষণায় বলেছেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। তিনি যাহা বলেন, তাহা করেন।’

মওদুদ আহমদকে উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাকে কেউ বাধা দিচ্ছে না। আপনি যেখানে যান সেখানে লোক হয় না। জনগণ আপনাকে পছন্দ করে না। মওদুদ আহমদ ঘরে বসে ফেসবুকে কান্নাকাটি করছে তাকে কোথায়ও যেতে দিচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে কথাটা সত্য নয়। আমি কবিরহাট বিএনপির নেতাকর্মীদের বলছি আপনারা আমার সামনে পোস্টার লাগান, দেখি কে ছিঁড়ে।’

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন, স্বাধীনতা ব্যাকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না প্রমুখ।

এছাড়া তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বটতলী বাজার, মুক্তিযোদ্ধা বাজার, গুচ্ছগ্রাম, চৌধুরী বাজার, মৌলভী বাজারে গণসংযোগ করেন।