সিলেট নিউজ বিডি ডেস্ক: ধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে গ্যাস সংযোগসহ আট দাবি উত্থাপন করে সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘শেখ হাসিনা গরীবের বন্ধু। তিনি দারিদ্রের অভিশাপ থেকে দেশকে মুক্ত করেছেন। তিনি দারিদ্রতা অর্ধেক কমিয়ে ফেলেছেন। আগামীতে আবারও ক্ষমতায় আসলে দেশে অতি দরিদ্র থাকবে না।’
শনিবার বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দাবি উত্থাপন করে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের দায়িত্ব আপনাদের আমাদের সকলের। বিগত ১০ বছরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা অভুতপূর্ব উন্নয়ন করেছেন। সেই সাথে আমাদের মধ্যে সাহস যোগাচ্ছেন অনুপ্রেরণা যোগাচ্ছেন। আমরা অবশ্যই বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা ২০৪১ সালে অর্জন করতে পারবো।’
তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার সরকার হচ্ছে সেই সরকার যারা একটি তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশ হিসেবে , সম্ভাবনার দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দূর করে সকলের নিরাপত্তাবিধান করেছে। এ নির্বাচনে সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনার সরকার পুনঃনির্বাচিত হবে নাকি অন্য কেউ।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বেই ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে উঠেছে। তিনি নারী জাগরণের হাতিয়ার। নারীর অধিকার ও ক্ষমতায়নে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা দেশে প্রযুক্তির বিকাশ, মেধার বিকাশ ঘটিয়েছেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশের মেধাবীরা অংশগ্রহণ করছে, পুরস্কার পাচ্ছে ।’
ড. মোমেন তার বক্তব্যে সরকারের বিগত দশবছরে সিলেটে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী আপনি সিলেটের উন্নয়নের প্রতি সবসময় আন্তরিক। সিলেটবাসী আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু, সিলেটবাসী আপনার কাছে বেশ কিছু দাবির দ্রুত বাস্তবায়ন চায়।
তিনি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা চাই ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন হবে, ওসমানী বিমানবন্দর সত্যিকারভাবে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে, ২৫০ শয্যার সিলেট সদর হাসপাতাল হবে, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্রুত বাস্তবায়ন হবে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হবে, দৃষ্টিনন্দন সিলেট শহর হবে, গ্যাস সমস্যার দ্রুত সমাধান হবে এবং সিলেটের নদীভাঙ্গন সমস্যার সমাধান হবে।
ড. মোমেন বলেন, এই সবই সম্ভব হবে যদি আবারো নৌকা বিজয়ী হয়, আপনি আবারো প্রধানমন্ত্রী হন। আমি এবং সিলেটবাসী বিশ্বাস করি জনগণের ভোটে আপনি পুনরায় ক্ষমতায় আসবেন। দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি সিলেটবাসীর এসব দাবি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব পাবে।
তিনি বলেন, আমরা সত্যিকার উন্নত সিলেট চাই, সমৃদ্ধ বাংলাদেশ চাই। আমরা জঙ্গিবাদ, দুর্নীতি, সন্ত্রাস চাই না। তাই, সিলেটসহ দেশবাসীর প্রতি আমার অনুরোধ আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করবেন।
জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-১ আসনের প্রার্থী হিসেবে ড. এ কে আব্দুল মোমেনকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘ড. মোমেন দেশের প্রতি একজন নিবেদিত প্রাণ ব্যক্তি। আপনারা তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।’
এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি ছোট ভাই ড. মোমেনকে পরিচয় করিয়ে দেন এবং ৩০ ডিসেম্বর তার স্থলে সিলেট-১ (মহানগর ও সদর উপজেলা) আসনে ড. মোমেনকে ভোট দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
Sylhetnewsbd Online News Paper