সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে গর্ত ধসে এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। এখনো তিন শ্রমিক নিখোঁজ আছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত কাদির হোসেন (৩৫) উপজেলার লামনীগাঁও গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। তবে নিখোঁজ শ্রমিকদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় গর্তে পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিকরা চাপা পড়েন। তাৎক্ষণিক একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, গর্ত ধসে এক শ্রমিক নিহতের খবর পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। গর্তের মাটি অপসারণ করে নিখোঁজ কেউ আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত সোমবার শাহ আরপিনে গর্ত ধসে দুই শ্রমিক নিখোঁজ হন। গর্তে পানি অপসারণ করে তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় গর্ত মালিকের বিরুদ্ধে মামলাও হয়েছে।
Sylhetnewsbd Online News Paper