মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ডে যাওয়ার পথে ছাতক থেকে ছেড়ে আসা পর্যটকবাহী বাস উল্টে অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১২ জানুয়ারি) দুপুরে বড়লেখা উপজেলার খলাগাঁও গৌরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাধবকুণ্ডে ভ্রমণে আসা সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বহনকারী বাস (সিলেট-জ ০৪-০১৬৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৩৫ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- আবু মুছা, খালেদা ইয়াসমিন, আজিজুন নাহার, খালেদ মিয়া, নাবিহা তাসনিম, হাবিবুন নাহার। অন্যান্য আহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানা গেছে। অন্যদের নাম পাওয়া যায়নি।
বড়লেখা থানার উপ-পরিদর্শক শরীফ উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় গুরুতর ১২জন আহত হয়েছেন। এরমধ্যে ৬জনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় গাড়ি চালক পলাতক রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Sylhetnewsbd Online News Paper