বড়লেখার মানুষের উজ্জল মুখ যেনো মলিন না করি: মন্ত্রী শাহাব উদ্দিন

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখার ইতিহাসে প্রথম মন্ত্রী আলহাজ শাহাব উদ্দিন এমপি ১৬ (জানুয়ারী) বুধবার বিকাল পাচটায় সিলেট থেকে সড়ক পথে বড়লেখার আসেন। উপজেলার চান্দগ্রাম বাজারে এসে পৌঁছলে উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন ও স্হানীয় নেতাকর্মী ছাড়াও শত শত সাধারণ মানুষ তাকে এসময় বরণ করেন।

মোটরসাইকেল ও মোটরগাড়ী বিশাল শোভাযাত্রা সহকারে প্রথম তাকে জেলা পরিষদ ডাকবাংলোয় নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড-অব অনার প্রদান করা হয়।

মন্ত্রী হিসেবে তিনি প্রথমবার বুধবার নিজ নির্বাচনী এলাকা বড়লেখায় সরকারী সফরে আসেন। সন্ধ্যায় স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত গণ-সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শাহাব উদ্দিন বলেন।

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন,নেত্রী আপনারারে মন্ত্রী দিছইন খুশি অইছইন নি,কেমন খুশি অইছন। আমি ভাবতে পারিনি কোনোদিন চেয়ারম্যান থেকে বাংলাদেশের পূর্ণ একজন মন্ত্রী হতে পারব। আমার চিন্তায় ছিল না…আপনারা আমাকে যে সৎ ও ন্যায়নীতি বান বলে থাকেন আমি যেনো আপনাদের সে কথার সম্মান দিতে পারি, আপনাদের মুখ মলিন না করি, দেশে বিদেশে আপনাদের মুখ যেনো উজ্জল করতে পারি….।

নিজের মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার ঘোষণা ও দিলেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদ্য শপথ নেয়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। তিনি আরও বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশে গড়তে চান। তাই আমি গণ-সংবর্ধনা সভা থেকে ঘোষণা দিচ্ছি আমার উপর যে মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পন করা হয়েছে, আমার প্রথম কাজ হচ্ছে সে মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা এবং রাখা। তাই আমি সকলের সহযোগিতা চাই।

বড়লেখা উপজেলা আ’লীগের সহসভাপতি প্রণয় কুমার দে’র সভাপতিত্বে পৌরমেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী এবং যুবলীগ সভাপতি তাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় পৌর শহরের আহমদ ম্যানশনের সম্মুখে অনুষ্ঠিত গণ-সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আফজল হোসেন, আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি সালেহ আহমদ কবির, প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোপাল দত্ত।

সন্ধ্যা ছয়টায় সংবর্ধনা মঞ্চে পৌঁছলে উপজেলা আ’লীগ, জাতীয় পার্টি, আঞ্জুমানে আল ইসলাহ, যুবলীগ, ছাত্রলীগ, চেয়ারম্যান এসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে তাদের প্রিয় নেতা মন্ত্রী শাহাব উদ্দিনকে বরণ করে নেন।

সংবর্ধনার জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি আরো বলেন, ‘আমাদের দেশ প্রতিবছর বন্যা, খরা, অতিবৃষ্টি, জলোচ্ছাস,যেসব কারণে হয় তার একমাত্র কারণ জলবায়ুর বিরূপ প্রভাব। তার পিছনের কারণ হচ্ছে আমরা বনাঞ্চল উজাড় করছি। খাল-বিলগুলোকে ভরাট করে হেয়ে গেছে। কোথাও বেদখল হয়ে গেছে। যার ফলে নানা প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের বিপর্যয় ঘটছে। এই বিপর্যয়ের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে, দেশের মানুষের ফসল, জানমাল রক্ষা করতে হলে এই মন্ত্রণালয়কে সঠিকভাবে কাজ করতে হবে। দেশের পাহাড়-টিলা রক্ষা করতে হবে। বাংলাদেশের যত পাহাড় আছে সেগুলোতে যাতে বৃক্ষ নিধন ও গাছ চুরি বন্ধ করতে হবে। সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব।

পরিবেশ বিপর্যয়ের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে ইট ভাটাগুলো নিয়মকানুন না মানায় পরিবেশের বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে ইটভাটাগুলোকে নীতিমালার আওতায় নিয়ে আসা।
আগামী ৩০ জানুয়ারী সংসদ অধিবেশেন শুরু হবে। এব্যাপারে আমরা সংসদে বিল নিয়ে আসব। যাতে ইটভাটাগুলো পরিবেশের জন্য যাতে ক্ষতিকর না হয়। সে আইন আমরা বাংলাদেশে চালু করব।’ তাছাড়া ইকো-ট্যুরিজমের আওতায় বড়লেখার পাথারিয়া পাহাড় ও হাকালুকি হাওরকে নিয়ে এসে মানুষের কাছে দৃষ্টিনন্দন হিসেবে তুলে ধরার কাজ করব। এইগুলোকে পর্যটন অঞ্চল হিসেবে বিশ্বের মানুষের কাছে তুলে ধরা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা আ’লীগের সহসভাপতি নিমার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, কমলগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মোছাদ্দেক হোসেন মানিক, সিলেটের ডাক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান, বড়লেখা নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আ’লীগ নেতা নিয়াজ উদ্দিন, শাহবাজপুর চা বাগানের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, বড়লেখা সদর ইউনিয়ন চেয়ারম্যান সোয়েব আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, দক্ষিণভাগ দক্ষিন ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, জেলা পরিষদ সদস্য শহীদুল আলম শিমুল, পৌর কাউন্সিলার জেহিন সিদ্দিকী, রেহান পারভেজ রিপন, হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলা উদ্দিন আলাই প্রমূখ।