নগরীর আখালিয়ায় ৩ কোটি টাকার জমি উদ্ধার করেছে সিসিক

সিলেট নিউজ বিডি ডেস্কঃ নগরীর আখালিয়া এলাকায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক)। এসময় জমি দখল করে নির্মিত ১১টি অবৈধ স্থাপনা বোলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।

রোববার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে আখালিয়া সুরমা আবাসিক এলাকা ও ধানোয়াঘাট এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া সরকারী গোপাট দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

সিসিক সূত্র জানায়, নগরীর ৯ নং ওয়ার্ডের আখালিয়া সুরমা আবাসিক এলাকা ও ধানোয়াঘাটের মধ্যবর্তী স্থানে সরকারি গোপাটের প্রায় এক বিঘা জমি স্থানীয় কতিপয় প্রভাবশালীদের দখলে ছিল। এমনকি তারা সেই গোপাট দখল করে নির্মাণ করেন অবৈধ স্থাপনা।

দখলে নেয়া সরকারি জমি ছাড়তে দখলদারদের বার বার নোটিশ দিলেও তাতে কোন কাজ না হওয়ায় এ অভিযান চালানো হয় বলে জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, দীর্ঘ দিন থেকে এই গোপাটকে ঘিরে অবৈধভাবে বেশ কিছু দোকানপাট, বিল্ডিং ও বস্তি গড়ে উঠেছে। ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে। মেয়র জানান, নগরীতে সরকারী জমি দখলদাররা যত প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে।

অভিযানে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর মখলেছুর রহমান কামরান, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।