সিলেট নিউজ বিডি ডেস্ক: সড়কে শৃঙ্খলা ফেরাতে নানামুখি উদ্যোগ হাতে নিতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর মধ্য চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডোপ টেস্ট ছাড়া কোনো চালক মাঠে নামতে পারবেন না।
সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র আবরারের মৃত্যুর ঘটনায় ছাত্র-ছাত্রীদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র আতিকুল ইসলাম। সেই বৈঠকের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ডিএনসিসির কনফারেন্স রুমে সরকারি অন্যান্য সংস্থার প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীদের মুখোমুখি হন মেয়র।
ওই সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম ছিল, বিআরটিএ-কে দালালমুক্ত করা। চুক্তিভিত্তিক গাড়ি চালানোর পরিবর্তে চালকদের বেতন কাঠামোর আওতায় আনা, বাস স্টপেজ, রোড সাইন কার্যকর করা, গণ পরিবহনের সংখ্যা বাড়ানো, ছাত্র-ছাত্রীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করা, হালকা যানবাহনের লাইসেন্স নিয়ে ভাড়ি যানবাহন চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং ফুট ওভার ব্রিজ না করে জেব্রা ক্রসিং ব্যবহারে জোর দেওয়া।
সভায় উপস্থিত ছিলেন- বিআরটিএ চেয়ারম্যান মো. মশিউর রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মীর রেজাউল আলম, বিআরটিএ পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper