জায়ানের মরদেহ আসছে দুপুরে, তার বাবাও শঙ্কামুক্ত নন

সিলেট নিউজ বিডি ডেস্কঃশ্রীলঙ্কায় স্মরণকালের ভয়াবহ সিরিজ বোমা হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নন। বর্তমানে শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর পা ও পেটে অস্ত্রোপচার হয়েছে। এই ঘটনায় নিহত নাতি জায়ান চৌধুরীর জানাজার স্থান পরিদর্শনে গিয়ে গতকাল মঙ্গলবার শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, মশিউল হক চৌধুরীর কিডনি ও লিভারে স্প্লিন্টার রয়েছে। ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাবে না। দুই সপ্তাহের আগে তাঁকে স্থানান্তর করা যাবে না। সবার কাছে প্রিন্সের দ্রুত আরোগ্য ও জায়ান চৌধুরীর বিদেহী আত্মার জন্য তিনি দোয়া কামনা করেন ।

জায়ান চৌধুরীর জানাজার বিষয়ে শেখ ফজলুল করিম সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ বলেন, আজ বুধবার বেলা ১টা ১০ মিনিটে মরদেহ দেশে পৌঁছুবে। আসরের নামাজের পর বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে জায়ানকে দাফন করা হবে।

এদিকে জায়ানের মৃত্যুতে বনানীর চেয়ারম্যান বাড়িতে নানা শেখ সেলিমের বাসায় শোকাবহ পরিবেশ। গতকাল পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান আইনমন্ত্রী আনিসুল হক। আসেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। এছাড়া সান্ত্বনা দিতে শেখ সেলিমের বাসায় যান সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিম, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।