বড়লেখায় আইনজীবী হত্যার পলাতক আসামী তানভীর গ্রেফতার

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারে বড়লেখা উপজেলায় নারী আইনজীবী আবিদা সুলতানা পৈতৃক বাড়িতে নৃসংশভাবে খুনের ঘটনায়, জড়িত সন্দেহে আইনজীবীর পৈতৃক বাড়িতে থাকা ভাড়াটিয়া স্থানীয় একটি মসজিদের ইমাম তানভির অালম (৩৮) কে আটক করা হয়েছে।

আজ দুপুরে শ্রীমঙ্গল থানার পুলিশ বরুনা মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে দুপুরে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস ছালেক মুঠোফোনে জানিয়েছেন আজ দুপুর দেড়টার দিকে মাওলানা তানভির আহমদকে শ্রীমঙ্গল উপজেলার বরুনা মাদ্রাসা এলাকা থেকে আটক করা হয়েছে। তার জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য গতকাল রোববার সকাল আনুমানিক সাড়ে ৮টায় আবিদা বিয়ানীবাজারে বোনের বাড়ি থেকে জরুরি প্রয়োজনে বাবার বাড়িতে যান। বিকেল আনুমানিক চারটার দিকে আবিদার বোন তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাচ্ছিলেন না। পরে আবিদার বোনেরা তাকে খুঁজতে বাবার বাড়ি দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামে আসেন। বাড়িতে এসে তারা কাউকে পাননি। এ সময় ঘরের একটি কক্ষ বন্ধ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশ নিয়ে গিয়ে ঘরের মেঝেতে বোনের লাশ পড়ে থাকতে দেখেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিনুল হক বলেন, নিহতের মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনারপর থেকে ভাড়াটিয়া তানভির আহমদ পলাতক থাকায় তানভীরের মা ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।