সিলেট মহানগর যুবলীগের সভাপতি মুক্তি- সম্পাদক মুশফিক

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট মহানগর যুবলীগের সম্মেলনে সভাপতি আলম খাঁন মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার নির্বাচিত হয়েছেন। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন তাঁরা। নির্বাচনে মুক্তি ৩৬৮ ভোট এবং মুশফিক ৩৭০ ভোট পান। আলম খান মুক্তি সদ্যবিলুপ্ত কমিটির আহবায়ক ও মুশফিক যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন।

মহানগর যুবলীগের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট তিন জন। এদের মধ্যে আলম খাঁন মুক্তি, শান্ত দেব ও সুবেদার মুন্না। তবে শেষ মূহুর্তে সুবেদার মুন্না প্রার্থীতা প্রত্যাহার করেন।

সাধারন সম্পাদক পদের প্রার্থী ছিলেন, মুশফিক জায়গীরদার, রায়হান চৌধুরী, আব্দুল লতিফ রিপন ও কলিন্স সিংহ। এ পদেও ভোট গ্রহণের আগে কলিন্স সিংহ প্রার্থীতা প্রত্যাহার করেন।

শনিবার (২৭ জুলাই) দুপুর আড়াইটায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
শেষে রাত আটটার দিকে কাউন্সিলরদের ভোটগ্রহণ পর্ব শুরু হয়। সিলেট মহানগর যুবলীগের কাউন্সিলররা গোপন কক্ষে গিয়ে ব্যালট বাক্সে তাদের ভোট প্রদান করেন।

সিলেট অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।