বড়লেখায় ভ্রাম্যমান আদালতের অভিযান ২২টি যানবাহনকে জরিমানা

সিলেট নিউজ বিডি ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় বিভিন্ন ধরনের ২২টি যানবাহনকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আদালতের অভিযানের সময় গাঁজাসহ এক লেগুনা চালককে আটকের পর ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত চালকের নাম শাহাব উদ্দিন (২০)। সে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পশ্চিম শংকরপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মোটরযান আইনে অভিযান চলাকালে লেগুনা চালক শাহাব উদ্দিনের গাড়ি তল্লাশি করে ৩০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বড়লেখা থানার সামনে বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।