সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি

সিলেট নিউজ বিডি ডেস্কঃ মোবাইলে কল করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমন অভিযোগে কোতোয়ালী থানায় শনিবার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মেয়রের পক্ষে জিডি করেছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।
জিডিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ১০টা ৫ মিনিট থেকে পর পর দু’টি নাম্বার (০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১) থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এর ফলে ভবিষ্যতে তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘শনিবার সকালে সিটি করপোরেশনের স্কুলের জন্য শহরতলির লাক্কাতুরায় জায়গা দেখতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে ওই দুটি নাম্বার থেকে কল করে গালিগালাজ করা হয়। তারা প্রাণনাশের হুমকিও দেয়। নিজেদের পরিচয় দেয়নি তারা।’
‌‘আমি তাদের বলি, আমাকে মারতে হলে সামনে আয়। শহরে ফেরার পরও তারা বারবার কল করছিল। বাধ্য হয়ে থানায় জিডি করেছি।’
কোতোয়ালী থানার ওসি মো. সেলিম বলেন, ‘মেয়র মহোদয়কে যে দুটি নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, সে নম্বরগুলোর বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’