বড়লেখায় কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা ও পাসপোর্ট জব্দ

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মেনে বাহিরে থাকায় দশ হাজার টাকা জরিমানা ও তার পাসপোর্ট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এই প্রবাসীর নাম মো.খাইরুল ইসলাম, তিনি বড়লেখা পৌরসভার বারইগ্রামের মোস্তফা উদ্দিনের ছেলে।

(২৪ মার্চ) মঙ্গলবার উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা বিভিন্ন ব্যক্তিদের খোঁজ খবর নেয় উপজেলা প্রসাশন। এ সময় কোয়ারান্টাইন এর নির্ধারিত নির্দেশনা না মেনে বাড়ির বাইরে থাকায় এই প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দশ হাজার টাকা অর্থদণ্ড এবং পাসপোর্ট জব্দ করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান।

সূত্র জানায়, বড়লেখা পৌরসভার বারইগ্রামের বাসিন্দা খাইরুল ইসলাম সম্প্রতি কুয়েত থেকে দেশে ফেরেন। তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য স্বাস্থ্যকর্মী ও পৌরসভার লোকজন অনুরোধ করেন। কিন্তু তিনি বেশ কয়েকদিন ধরে বাইরে ঘোরাফেরা করছেন। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান তার বাড়িতে যান। সেসময় এই প্রবাসী বাড়িতে ছিলেন না। তাকে স্বজনদের মাধ্যমে বাড়িতে হাজির করে সাজা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বড়লেখার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস,পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন নাথ প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান বলেন, ‘হাসপাতালের কর্মী ও পৌরসভার লোকজন বেশ কয়েকবার প্রবাসীর বাড়ি গিয়ে তাকে হোম কোয়ারেন্টিন মানার নির্দেশ দেন। কিন্তু তিনি মানেননি। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রশাসনের প্রতিনিধিরা বড়লেখায় অবস্থানরত অন্য প্রবাসীদের হোম কোয়োরেন্টিনে থাকার বিষয় তদারকি করেন। অন্যদের ক্ষেত্রে বিচ্যুতির ঘটনা পাওয়া যায়নি। মাইকিংসহ এলাকাবাসীকে ঘুরে ঘুরে নানা নির্দেশনা দেন প্রশাসনিক কর্মকর্তারা।