বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দুর্বৃত্তের দেয়া আগুনে শনিবার রাতে উপজেলা তাতি লীগের সভাপতি ও ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজারের গোয়ালঘর ভস্মিভুত হয়েছে। এসময় ৩টি জীবন্ত গরু পুড়ে ছাই হয়। গরুসহ গোয়ালঘর পুড়ে প্রায় ৫/৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অল্পের জন্য রক্ষা পায় দুইটি ট্রাক ও টাক্টরসহ পার্শবর্ত্তী বসত ঘর।
জানা গেছে, উপজেলা তাতি লীগের সভাপতি ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজারের বাড়ি কাঠালতী দক্ষিণ সহিদাবাদ এলাকায়। শনিবার রাত ১টায় সেমি পাকা গোয়ালঘরে আগুনের দাউ দাউ শব্দ আর গরুর চিৎকার শুনে বাড়ির লোকজন ঘুম থেকে উঠেন। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে গোয়ালঘরে বেধে রাখা তিনটি জীবন্ত গরু, পানির পাম্প, ধান ভাঙ্গার মেশিন, গাড়ির টায়ারসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৫/৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছার আগেই পার্শবর্তী লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অল্পের জন্য গোয়ালঘরে পাশেই থাকা ২টি ট্রাক ও টাক্টর এবং বসতঘরগুলো রক্ষা পায়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজার জানান, তার গোয়ালঘরে বিদ্যুৎ সংযোগ নেই। তাই সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটার সম্ভাবনা নেই। দুর্বৃত্তরা গোয়ালঘরে অগ্নিসংযোগের কারণে তিনটি জীবন্ত গরুসহ গোয়ালঘরে থাকা পানির পাম্প, ধান ভাঙার মেশিন,গাড়ির টায়ারসহ বিভিন্ন মালামাল পুড়ে তাঁর প্রায় ৫/৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।
Sylhetnewsbd Online News Paper