সিলেট নিউজ বিডি ডেস্ক: মন্ত্রী পরিষদ বিভাগের সচিব সমন্বয় ও সংস্কার মো: কামাল হোসেন শনিবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে প্রস্তাবিত ক্রাশার জোন পরিদর্শন করেছেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেটের পাথর কোয়ারি এবং প্রস্তাবিত ক্রাশার মেশিন জোন পরিদর্শনে তিনি এসেছেন। সরকারের পক্ষ থেকে ক্রাশার মেশিন গুলো নির্দিষ্ট একটি জায়গায় নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হচ্ছে। শুধু জাফলং বাসীর স্বার্থে নয় দেশের ষোল কোটি মানুষের স্বার্থে জাফলংয়ের সৌন্দর্য্যকে রক্ষা করতে হবে। স্টোন ক্রাশার মেশিন প্রকৃতি কন্যা জাফলংয়ের জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই অভিশাপ থেকে জাফলংকেমুক্ত করতে নির্দিষ্ট একটি জোন তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাই প্রস্তাবিত জোনে স্টোন ক্রাশার মেশিন স্থানান্তর করে জাফলংয়ের রূপ লাবণ্যকে ফিরিয়ে আনতে হবে।
মন্ত্রী পরিষদের সচিব বলেন, জাফলংয়ের অপর পাশেই ভারতের ডাউকি দৃষ্টি নন্দন একটি শহর। তার পাশেই আমরা প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত করে কত জঞ্জাল তৈরী করেছি। এই জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য্য ফিরিয়ে আনতে সড়ক ও জনপথ বিভাগ, পর্যটন কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সবাই এক সাথে কাজ করবো। জাফলং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দৃষ্টি নন্দন একটা জায়গা। জাফলংয়ের রূপ লাবণ্য ফিরিয়ে আনতে পারলে এখানে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা তৈরী হবে। প্রয়োজনে এখানে স্পেশাল ইকোনমিক জোন তৈরী করা হবে।
প্রস্তাবিত ক্রাশিং জোন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী পরিষদ সচিব পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখেন।
এ সময় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো মহাপরিচালক ছাড়াও সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান (এনডিসি), সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়–য়া, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম, জৈন্তাপুরের ইউএনও নাহিদা পারভীন, গোয়াইনঘাটের ইউএনও মো. নাজমুস সাকিব, সহকারি কমিশনার (ভূমি) নূর হোসেন নির্ঝর, এএসপি গোয়াইনঘাট (সার্কেল) মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামসুল আলমসহ স্টোন ক্রাশার মিল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, সচিব মো. কামাল হোসেন ক্রাশার জোন পরিদর্শনে যাওয়ার সময় শ্রমিকরা কোয়ারি খুলে দেয়ার দাবিতে রাস্তার দুই পাশে অবস্থান নেয়। এ সময় তাদের হাতে প্লেকার্ড ও ফেস্টুন শোভা পায়।
Sylhetnewsbd Online News Paper