বড়লেখায় চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি ও চেক হস্তান্তর করলেন পরিবেশমন্ত্রী

মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জমি আছে ঘরনেই এমন অসহায় দরিদ্র ২৬২টি পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ১৮৭৯ জন চা শ্রমিককে পাঁচ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহহীনদের মাঝে নতুন ঘরের চাবি ও চা শ্রমিকদের অনুদানের চেক হস্তান্তর করেন
স্থানীয় সাংসদ ও সরকারের পরিবেশ বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

সরকারের বিভিন্ন সংস্থার চারটি প্রকল্পের মাধ্যমে গৃহহীন, অসহায় ও দুস্থদের জন্য তিন কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা ব্যয়ে এগুলো নির্মান করা হয় এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় চা শ্রমিককে জনপ্রতি পাঁচ হাজার টাকা হারে মোট ৯৩ লাখ ৯৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করাহয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে নতুন ঘরের চাবি ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশমন্ত্রী।

এসময় মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী গৃহহীন, অসহায় ও দুস্থ জনগণের জন্য বাসস্থান নির্মাণে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সব প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হলে দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না।’

ঘরের চাবি ও চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমদ,ভুমি কমিশনার নুসরাত লায়লা নিরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়দুল্লাহ খান, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধূরী,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন,
নিজবাহাদুর পুর ইউপি চেয়ারম্যন ময়নুল হক, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দুই কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২২৩টি ঘর, গ্রামীণ দরিদ্র গৃহহীন জনগোষ্ঠীর জন্য দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৯-২০ অর্থবছরের টিআর-কাবিটা কর্মসূচির বিশেষ বরাদ্দ থেকে ৭১ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত ২৪টি ঘর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০১৯-২০ অর্থবছরে রবিদাস সম্প্রদায়ের জন্য ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১০টি পাকা ঘর এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০ লাখ তিন হাজার ৫০০ টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত নির্মিত পাঁচটি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এক হাজার১৮৭৯ জন চা শ্রমিককে জনপ্রতি পাঁচ হাজার টাকা হারে মোট ৯৩ লাখ ৯৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।