সিলেট নিউজ বিডি ডেস্কঃ রায়হান হত্যার ঘটনায় রিমান্ডে থাকা এএসআই আশেক এলাহী অসুস্থ হয়ে পড়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৯ অক্টোবর রিমান্ডে নেয়ার দিনই অসুস্থ হয়ে পড়েন আশেক এলাহী। পরে তাকে হাসপাতালে নেয়া হয় বলে পিবিআই সূত্র জানিয়েছে।
গত ২৮ অক্টোবর রাতে পুলিশ লাইন্সে হেফাজতে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয় এএসআই আশেক এলাহীকে। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনের রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় প্রত্যাহার করা হয় তাকে। এরপর বিকেল ৩টায় তাকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জিয়াদুর রহমানের আদালতে হাজির কওে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান পিবিআই’র ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুর রহমান। শুনানীশেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে।
এ ঘটনায় ১১ অক্টোবর দিবাগত রাতে নিহত রায়হানের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজন আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই।
Sylhetnewsbd Online News Paper