সিলেট নিউজ বিডি ডেস্কঃ নগরীর উত্তর কাজীটুলায় গৃহবধূ সৈয়দা তামান্না বেগম (১৯) হত্যা মামলায় এক আসামিকে নগরীর সোবহানীঘাট এলাকা গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে এজাহারের ২নম্বর আসামি এমরানকে (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এমরান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চরহোগলা (পাতিয়া চর উত্তর) গ্রামের আব্দুল মজিদের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, সোমবার (২৩ নভেম্বর) রাতে নিহতের ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা (মামলা নং ৫৮) দায়ের করে।
মামলায় নিহতের স্বামী মো. আল মামুনসহ ৬ জনকে আসামি করা হয়েছে। মামলায় মামুন ছাড়াও অন্য আসামিরা হলেন- এমরান, পারভীন, মা্হবুব সরকার, বিলকিস ও শাহনাজ। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুরের দিকে নগরীর কাজীটুলার অন্তরঙ্গ ৪ নং বাসার তালাবদ্ধ কক্ষ থেকে গৃহবধূ তামান্নার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। গত ৩০ সেপ্টেম্বর পারিবারিকভাবে ব্যবসায়ী আল মামুনের সাথে তামান্নার বিয়ে হয়।
পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী এবং রোববার রাতের কোনো এক সময় তামান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলেও ধারণা পুলিশের।
Sylhetnewsbd Online News Paper