রাজধানীতে ভেজাল মদ তৈরির কারখানায় অভিযান, আটক ৬

সিলেট নিউজ বিডি ডেস্কঃ রাজধানীতে ভেজাল মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার রাত ১০টার দিকে ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, গত কয়েকদিনে ঢাকায় বেশ কয়েকজন বিদেশী মদ্য পান করে অসুস্থ হয়ে মারা যায়। কিন্তু বিদেশী মদ পানে এমন হওয়ার কথা না। তখনই আমরা ধারণা করি ভেজাল মদে এমন ঘটনা ঘটছে। পরে আমরা তদন্ত শুরু করি। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাটারা থানাধীন খিলবাড়ীর টেক মুক্তি পল্লী ইউনিয়ন পরিষদ রোডের বেস্ট ফিউচার স্কুলের কাছে একটি ভেজাল মদের কারখানায় অভিযান চালায় ডিবি গুলশান টিম ও সংশ্লিষ্ট থানা পুলিশ। এ সময় দেখা যায়, দুটি ঘিঞ্জি ঘরে পুরনো বিদেশী মদের বোতলে ভেজাল মদ ভরার কাজ চলছে। এ সময় হাতে-নাতে ৬ জনকে আটক করা হয়।

কে এম হাফিজ আক্তারের কথায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় মিরপুর থেকে আনা স্পিরিট, চিনি, রং ও পানি মিশিয়ে তারা বিদেশী বোতলে ভরে মদ তৈরি করছিলেন। এক সপ্তাহে ২৩১ বোতল তৈরি ভেজাল মদ রাজধানীসহ ঢাকার আশপাশে বিক্রি করেছেন। তাদের কাছ থেকে একটি খাতা আমরা উদ্ধার করেছি। সেখানে এ কাজে জড়িত অনেকের নাম জানা গেছে। তাদের ধরতেও আমাদের অভিযান চলবে।