বড়লেখায় খাসি পুঞ্জিতে প্রাক বড়দিন পালন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সাত নম্বর খাসি পুঞ্জিতে বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বড়দিনের পূর্ব প্রস্তুতিস্বরূপ প্রাক-বড়দিন ও বার্ষিক উপহার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায়, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প এর আয়োজন করে।

প্রকল্পের চেয়ারম্যান প্রবীণসন সুছিয়াংয়ের সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাংয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাত নম্বর পুঞ্জির সেক্রেটারি পাইলট মারলিয়া, ইউপি সদস্য সমিরন মুন্ডা, সাবেক ইউপি সদস্য ডেভিড পাপাং, পাথারিয়া বাগান পঞ্চায়েত সভাপতি মোহনলাল রিকমুন, সাংবাদিক মাস্তফা উদ্দিন ও মাইকেল নংরুম প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের শিশুরা জাতীয় সংগীত পরিবেশন করে। প্রাক-বড়দিনের কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি । এসময় দেশাত্মবোধক ও ঐতিহ্যবাহী খাসি নৃত্য পরিবেশন করাহয়।

অনুষ্ঠান শেষে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের (সিএসপি) ১৫ শিশুর পরিবারের মাঝে ১টি করে চায়ের ফ্লাক্স, জগ, বালতি, গরম জামা, চাদর ও ১৯৩ শিশুর মধ্যে বড়দিনের উপহারের নগদ অর্থ বিতরণ করা হয়।