মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফুঁসে উঠেছে বড়লেখা

মস্তফা উদ্দিন: সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী,’রাহমাতুল্লিল আলামিন’ তথা সমগ্র বিশ্বের রহমত, খোদার হাবিব হজরত মুহাম্মদ (সা.)- সম্পর্কে ভারতের বর্তমান ক্ষমতাসিন বিজেপি দলের নেত্রীর কটুক্তি প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ধর্মপ্রাণ মুসলিমরা।

(১০ জুন) শুক্রবার জুম্মার নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে ও আছরের নামাজ পরবর্তী সময়ে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর মিছিল-সমাবেশ কর্মসূচিতে উত্তাল ছিল বড়লেখা পৌরশহর। বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফুর্তভাবে এ বিক্ষোভে অংশ নেয়।

সমাবেশ থেকে অনতিবিলম্বে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের শাস্তি দাবি জানানো হয়। সেইসঙ্গে বাংলাদেশ সরকারকে ভারতের বিপক্ষে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপনের দাবি তোলা হয়।

বিজেপি নেত্রী নুপুর শর্মার বক্তব্যকে সমর্থন করে বৃহস্পতিবার বড়লেখা সরকারি কলেজের সহকারি অধ্যাপক দিগেন্দ্র চন্দ্র দেবনাথ তার নিজস্ব ফেসবুক আইডি থেকে
স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে ও তার শাস্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর মিছিলটি স্থানীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিজয় মার্কেটের সম্মুখে পথসভায় মিলিত হয়।

সভায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শামসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, তালামীযের সাবেক সভাপতি কে এম সেলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, বড়লেখা লতিফিয়া ইমাম সমিতির সভাপতি মাওলানা কুতবুল আলম, বড়লেখা উপজেলা তালামীযের সভাপতি রুবেল আহমদ, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সম্পাদক ফয়ছল আলম স্বপন প্রমুখ।