সিলেট নিউজ বিডি ডেস্কঃ বড়লেখায় নানা অনিয়মের দায়ে ৩ খোলা পেট্রলের দোকানীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম খন্দকার মুদাচ্ছির বিন আলী এ জরিমানা করেন।
এসময় বিএসটিআই সিলেটের ঊর্ধ্বতন পরীক্ষক সুমন সাহা ও থানার এসআই জিয়াউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
জানা গেছে, বিভিন্ন অনিয়মের দায়ে উপজেলার উত্তর শাহবাজপুর বাজারের একটি খোলা পেট্টলের দোকানকে ২০ হাজার টাকা ও দক্ষিণ শাহবাজপুর বাজারের দুইটি খোলা পেট্টলের দোকানকে ২ হাজার টাকা করে ৪ হাজারসহ সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘অনিয়মের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
Sylhetnewsbd Online News Paper