মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে খাদ্য নিরাপত্তা সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট। তিনি বলেন, বাংলাদেশের মানুষ হ্যাচারিতে মৎস্য উৎপাদন ও খামারে উন্নত জাতের গাভী পালন করে দুগ্ধ সংগ্রহ করে দেশের চাহিদা মেটাচ্ছে। তারা গো খামার করেও স্বনির্ভর হয়ে উঠছে। এতে দেশের দারিদ্র্য দূরীকরণ হচ্ছে। একই সঙ্গে দেশের পুষ্টি চাহিদাও মিটছে।
২৯ফেব্রুয়ারি সোমবার সাতক্ষীরার ভালুকা চাঁদপুর এবং কলারোয়ার হেলাতলা ও ব্রজবাকসায় কয়েকটি প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন বার্নিকাট।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ পরিশ্রমী। তারা কিভাবে নিজেদের ভাগ্য বদলাতে হয় তা জানেন। এ জন্য জেলায় অনেক মৎস্য খামার ও দুগ্ধ খামার গড়ে উঠেছে। বিপুল সংখ্যক গবাদি পশুর ফার্ম রয়েছে। দুধ, মাংস ও সর্বোপরি পুষ্টি চাহিদা মেটাতে তারা ঘরে ঘরে গরু পালন করছে।
তিনি ইউএসএআইডির সঙ্গে বেসরকারি খাতের অংশীদারত্ব আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি পশু পালন এবং পুষ্টি প্রকল্পসমূহ প্রত্যক্ষ করেন। তিনি তাদের সমস্যা ও সম্ভাবনার কথাও মনোযোগ সহকারে শোনেন। এ ছাড়া ভালুকা চাঁদপুর দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র এবং কলারোয়ার ব্রজবাকসায় মৎস্য খামার পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ইউএসএআইডির মিশন পরিচালক পল সাবাটিন, অফিস পরিচালক ফরহাদ গাউসি, উপপরিচালক মার্ক টেগেনফেলথ, কৃষি উন্নয়ন অফিসার ড. ওসাজি সি এইমিউ, আহসানুজ্জামান খান, এবং মো. নুরুজ্জামান প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper