আম্বরখানায় পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের

আম্বরখানায় পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় পুলিশের উপর হামলার অভিযোগে ৩৫ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত রাতেই নগরীর এসআই শাহীন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন

নগরীর কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মাসুদ কামাল সুফীসহ ২০ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে মাসুদ কামাল সুফীসহ ১০ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।প্রসঙ্গত, হযরত শাহজালাল (রহ.) এর ওরস উপলক্ষে সোমবার সন্ধ্যা থেকে নগরীর আম্বরখানা-চৌহাট্টা-জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। আম্বরখানা পয়েন্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশের একটি টহল দল।00011রাত ১০টার দিকে আম্বরখানা পয়েন্ট দিয়ে চৌহাট্টার দিকে মোটরসাইকেল নিয়ে ঢুকতে চান ছাত্রলীগ নেতা মাসুদ কামাল সুফী। এসময় পুলিশ তাকে বাধা দেয়। এসময় মাসুদ কামাল সুফী নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে দায়িত্বরত পুলিশ কনস্টেবল আফাজ উদ্দিনের ইউনিফর্মের কলার ধরে টানাটানি করেন। একই সময়ে মাসুদ কামাল সুফীর সাথে থাকা ১৫-২০ জন ছাত্রলীগ কর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

হামলার শিকার হয়ে পুলিশ ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে এসআই শাহীন, এএসআই আজিজ, ফরহাদ, কনস্টেবল আব্বাস আহত হন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ শর্টগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা দৌড়ে পালানোর সময় পুলিশ মাসুদ কামাল সুফি ও ছাত্রলীগ কর্মী সাহেদসহ ১০ জনকে আটক করে।