মেহেরপুরে ডিবির ‘সোর্সকে’ গলাকেটে হত্যা

সিলেট নিউজ বিডি ডেস্ক: মেহেরপুর জেলা শহরের শিশুবাগানপাড়ায় আব্দুর রাজ্জাক (৪০) নামে একজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির কিছুটা দূরে মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে নিহতের পরিবার ও পুলিশ।
নিহত আব্দুর রাজ্জাক শিশুবাগানপাড়ার উমর আলীর ছেলে। তিনি মেহেরপুর পাসপোর্ট অফিসের দালাল এবং ডিবি পুলিশের সোর্স হিসেবে পরিচিত। তবে সোর্সের বিষয়টি অস্বীকার করেছে ডিবি।

স্ত্রী সীমা খাতুন বলেন, ‘মেহেরপুর জেলা কারাগার থেকে আজ সন্ধ্যায় মুক্তি পায় রাজ্জাকের ঘনিষ্টবন্ধু সাব্বির। তাকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন তাদের ঘিরে ধরে। এসময় সাব্বির পালিয়ে গিয়ে আমাকে মোবাইলে বিষয়টি জানায়। প্রতিবেশীদের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি রাজ্জাকের মরদেহ পড়ে আছে।’

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মরদেহ পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।