বড়লেখায় নির্বিগ্নে চলছে টিলা কাটার মহোৎসব

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নির্বিগ্নে চলছে টিলা কাটার মহোৎসব। পরিবেশ আইন অমান্য করে প্রভাবশালীরা অবাধে টিলা কাটা চালিয়ে গেলেও তা রোধে প্রশাসন কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না বলে এলাকা বাসীসহ সচেতনমহলের অভিযোগ রয়েছে।

নির্বিগ্নে অব্যাহত টিলা কাটার ফলে নষ্ট হচ্ছে পরিবেশ, ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি, নষ্ট হচ্ছে এলাকার নৈসর্গিক সৌন্দর্য, বিলুপ্ত হচ্ছে গাছপালা, পশুপাখি এবং বদলে যাচ্ছে এলাকার ভূ-মানচিত্র।

টিলা কাটার বিষয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের। এরপর শুরু হয় অভিযান। করা হয় দু’একজনকে জরিমানা। অভিযানও চলে কিছুদিন। তারপর অদৃশ্য কারণে থেমে যায় প্রশাসনের পরিবেশ ও আইন রক্ষার এ অভিযান।

এ সুযোগেই টিলা কাটা চালিয়ে যায় টিলা খেকোরা। এসব অপকর্মের সঙ্গে কতিপয় নেতা, প্রভাবশালী ঠিকাদার, পরিবহন মালিক, ব্যবসায়ী থেকে শুরু করে রয়েছে এলাকার জনপ্রতিনিধিরা।

সরেজমিনে দেখা যায়, বড়লেখা উপজেলার দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মোহাম্মদনগর, খড়িয়া গ্রামের ভিতরে সরকারি টিলা প্রকাশ্যে কাটা হচ্ছে। ঐ এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে এলাকার কেউ প্রসাশনিক কোন অভিযোগ দিচ্ছেন না।

ভিবিন্ন অনুসন্ধানে জানা যায়, মুড়াউল অফিসবাজার, উত্তর শাহবাজপুর ইউপির আতুয়া, বড়াইল, নান্দুয়া, কুমারশাইল, পূর্ব বানীকোনা সহ উপজেলার ভিবিন্ন এলাকায় প্রকাশ্য টিলা কাটা হচ্ছে। এসব টিলার মাটি বহনে ব্যবহৃত হচ্ছে রেজিষ্টেশনবিহীন ট্রাক ও ট্রাক্টর। ট্রাক্টরের সাহায্যে মাটি বহন করায় উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ও উপজেলা শহরের প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা ভুমি কমিশনার শরফ উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, টিলা কাটা আইনবিরোধী কাজ। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। টিলা কাটা সাথে জড়িত যেই হোক না কেনো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্তা গ্রহণ করা হবে।