কোম্পানীগঞ্জ থেকে সিলেট নিউজ বিডি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছ গ্রাম ও গুচ্ছ গ্রাম বাজার বোমা মেশিনের ভাঙ্গনের কবল হতে রক্ষা করলেন খোদ কোম্পানীগঞ্জ থানার ওসি। গত সোমবার ড্রেজার মেশিনের মাধ্যমে ও স্থানীয় এলাকাবাসী এবং ব্যাবসায়ীদের সহযোগীতায় দিনভর সেখানে উপস্থিত থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দানবযন্ত্র বোমা মেশিনের ভয়াবহ ভাঙ্গনের বিশাল অংশ বালু দিয়ে ভরাট করান তিনি।
জানা যায়, দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারী খ্যাত ভোলাগঞ্জের ধলাই নদীতে দুদিন পরপর পাথর উত্তোলনের দানবযন্ত্র নামক বোমা মেশিনের বিরুদ্ধে অভিযান করেও কোনভাবেই বন্ধ করা যাচ্ছেনা অবৈধভাবে পাথর উত্তোলন। পাথর খেকোরা দিনদিন ধ্বংস করে দিয়েছে ধলাই নদীসহ পাথর কোয়ারীর আশপাশ এলাকার পরিবেশ।
পাথর খেকোরা বেশ কিছু দিন ধরে পর্যায়ক্রমে ধলাই সেতুর পার্শ্ব, ভোলাগঞ্জ ১০ নং নামক স্থান, ভোলাগঞ্জ ও ভোলাগঞ্জ গুচ্ছ গ্রাম বোমা মেশিনের তান্ডব লীলায় তছনছ করে দিচ্ছিলো।
অভিযোগ রয়েছে, ভোলাগঞ্জের গুচ্ছ গ্রাম বাজারের পার্শ্ব ঘেষে অবৈধ ভাবে বোমা মেশিন দিয়ে পাথর লুটপাটের মহোৎসব চলছিলো পাথরখেকোদের মধ্যে। কতিপয় পাথর খেকো চক্র গুচ্ছ গ্রাম বাজারকে ধ্বংসের মুখে ধাবিত করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। তবে তখন পুলিশী অভিযানের সংবাদ পেয়েই পাথর খেকো চক্ররা মুহুর্তের মধ্যে পে-লোডার মেশিন দিয়ে বোমা মেশিন গুলো সরিয়ে নিতো। ফলে প্রায় সময় বোমা মেশিন ধ্বংস করা যেত না। যে কারনে ভয়াবহ ভাঙ্গনের মুখে পড়ে গুচ্ছ গ্রামসহ গুচ্ছ গ্রাম বাজার।
আর তারই পরিপ্রেক্ষিতে দুদিনের নিবিড় পর্যবেক্ষণ শেষে সোমবার নতুন কৌশল অবলম্বন করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর রহমান খাঁন। স্থানীয় এলাকাবাসী ও ব্যাবসায়ীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ভাঙ্গনের কবল হতে গুচ্ছ গ্রামকে রক্ষা করতে ওসি শফিকুর রহমান খাঁন নিয়েছেন প্রশংসনীয় উদ্যোগ। ভাড়া করে নিয়ে আসা ড্রেজার মেশিন দিয়ে গুচ্ছ গ্রামসহ বাজারের ভাঙ্গন এলাকা বালু দিয়ে ভরাট করে দেন তিনি। যে কারনে ভয়াবহ ভাঙ্গনের কবল হতে কিছুটা হলেও রক্ষা পেলো উপরোক্ত গ্রাম ও বাজার। জনমনে ফিরে এসেছে স্বস্তি। বালু ভরাটের পাশাপাশি ওসি শফিকুর রহমান গুচ্ছ গ্রাম ও বাজারের আশপাশে পাথর উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জের অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর রহমান খাঁন জানান, অতীতের ন্যায় বর্তমানেও বোমা মেশিনের বিরুদ্ধে ঘনঘন অভিযান আমরা পরিচালনা করছি। বোমা মেশিন ব্যবহারকারীদের বিরুদ্ধে পরিবেশ বিধ্বংসী আইনে মামলা হয়েছে এবং আরো হবে। তিনি আরো জানান, ভোলাগঞ্জ গুচ্ছ গ্রাম ও বাজার, ধলাই সেতু রক্ষার্থে বোমা মেশিনের বিরুদ্ধে আমাদের রয়েছে কঠোর অবস্থান। তাই সকলের সহযোগীতা পেলে কোম্পানীগঞ্জকে বোমা মেশিনমুক্ত করা যাবে।
Sylhetnewsbd Online News Paper