সারাদেশে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

সিলেট নিউজ বিডি ডেস্কঃ পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
সূর্যোদয়ের পর চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন নানা শ্রেণি-পেশার মানুষ। পরে, এম এ আজিজ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডিসপ্লেতে অংশ নেয়।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন ও রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এরপর, জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা।

খুলনায় স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল আয়োজনে কুচকাওয়াজ, শরীরচর্চা ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।

রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে, রংপুর স্টেডিয়ামে মনোজ্ঞ প্রদর্শনীতে অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

রাজশাহী জেলা স্টেডিয়ামে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ডিসপ্লেতে অংশ নেয়। পরে, জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

এছাড়া ময়মনসিংহ, গাইবান্ধা, যশোর, ঝালকাঠি, রাজবাড়ি, পাবনা, টাঙ্গাইল, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নড়াইল, নওগা, নাটোর, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ভোলা, কিশোরগঞ্জ, নরসিংদী, সিরাজগঞ্জ, চাঁদপুর, মেহেরপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।