ইমরান এইচ সরকারকে আটক করেছে র‌্যাব

সিলেট নিউজ বিডি ডেস্ক: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে র‌্যাবের সদস্যরা নিয়ে গেছে বলে জানা গেছে। বুধবার শাহবাগ যাদুঘরের সামনে থেকে সাদা পোশাক পরিহিত র‌্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।

চলমান মাদক বিরোধী অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব ছিলেন ইমরান। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে গণজাগরণ মঞ্চ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে সম্প্রতি। ঘোষণা অনুযায়ী শাহবাগে জড়ো হন ইমরানসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগে সমাবেশের জন্য ইমরান এইচ সরকার এসেছিলেন। কিন্তু তিনি গাড়ি থেকে নামামাত্রই তাকে সাদা পোশাক পরিহিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়।

পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে ইমরান বিকেল ৪টার সময় আসেন শাহবাগে। এসময় ঘটনাস্থলে একটি মাইক্রোবাস উপস্থিত হয়। মাইক্রোবাস থেকে সাদা পোশাকধারী ৭-৮ র‌্যাব সদস্য ‘একটু যেতে হবে’ বলে তাকে মাইক্রোতে তুলে নেন। এ সময় র‌্যাবের ৪টি গাড়িও সেখানে উপস্থিত হয়। গণজাগরণ মঞ্চের কর্মীরা বাধা দিতে গেলে র‌্যাব সদস্যরা তাদের লাঠিপেটা করেন। আহত হন একজন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ইমরান এইচ সরকারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩-এর অধিনায়ক এমরানুল হক। তিনি জানান, শাহবাগে অবৈধভাবে সমাবেশ করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আইনি-প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।