সিলেট নিউজ বিডি ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে এ মামলা দায়েরের সময় আলতাফ হোসেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৯ জুন) দুপুর ১২টায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে কক্সবাজার স্পেশাল জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদক সূত্র জানায়, ২০১৪ সালে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের সিন্নিহাইয়া গ্রামের ইস্কান্দার মির্জার স্ত্রী জমিলা আক্তার বাদী হয়ে কুতুবদিয়া থানার তৎকালীন ওসি আলতাফ হোসেন ও উপপরিদর্শক এবিএম কামাল উদ্দিনের বিরুদ্ধে কক্সবাজার স্পেশাল জজ আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করেন।
পরে ওই আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অজয় সাহাকে নির্দেশ দেন। অজয় সাহা মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ১৫ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করেন। পরে আদালত দরখাস্তটি স্পেশাল মামলা নং ১৫/১৭ হিসেবে রুজু করেন। এরপর ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
দুদক সূত্র আরও জানায়, মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন ওসি আলতাফ হোসেন। পরে আদালতের বিচারক মীর শফিকুল আলম জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের পক্ষে জামিনের বিরোধিতা করেন দুদক নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহিম। আসামি পক্ষের আইনজীবী ছিলেন সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক।
Sylhetnewsbd Online News Paper