সিলেট নিউজ বিডি ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র একদিন বাকি। বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই সারা দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গাজীপুরের নির্বাচন। আর প্রধান দুই রাজনৈতিক দলের কাছে হয়ে দাঁড়িয়েছে প্রেস্টিজ ইস্যু। তবে শেষ মুহূর্তে ভোটারদের পক্ষে টানার জন্য প্রধান দলগুলোর মধ্যে চলছে নানা ধরণের কৌশল ও হিসাব নিকাশ।
গাজীপুরের এ নির্বাচনে মেয়র পদের তালিকায় সাত প্রার্থীর নাম ও প্রতীক থাকলেও সবার দৃষ্টিই এখন প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই মেয়র পদপ্রার্থীর দিকে। উভয় জোটের নেতা-কর্মীরা নিজেদের অস্তিত্বের লড়াইয়ে নানা পরিকল্পনায় এলাকায় গণসংযোগ করছেন।
গাজীপুর নির্বাচনের ফলাফলের প্রভাব পরবর্তী নির্বাচনগুলোতে ফেলবে এমন ধারণায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এ নির্বাচনকে অধিক গুরুত্ব দিচ্ছে। তাই নিজেদের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রধান এ দুই জোটের নেতা-কর্মী ও সমর্থকরা নির্বাচনী মাঠে নেমেছেন।
প্রচার প্রচারণায় অংশ নেওয়া আওয়ামী লীগ ও বিএনপির নেতারা বলছেন, নীরব ভোটাররাই ২৬ জুনের নির্বাচনে ভোট বিপ্লব ঘটাবে।
এদিকে নজিরবিহীন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতি চলছে। এরিমধ্যে ইতোমধ্যে নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। নির্বাচনে সার্বিক নিরাত্তার জন্য বিজিবি, র্যাব, পুলিশ, এপিবিএন, আনসারসহ আইনশৃংখলা বাহিনীর প্রায় ১১ হাজার সদস্য মোতায়েন থাকবে।
বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। বিজিবি সদস্যদের বহনকারী যানবাহন গাজীপুরে মহাসড়কের চলাচল করতে দেখা গেছে, তারা বিভিন্ন এলাকা রেকি করছেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৯ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, সিটি নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে পুরো গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইনশৃংখলা বাহিনী। পোশাক ছাড়াও বিপুল পরিমাণ পুলিশ সাদা পোশাকে নগরীর বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। নির্বাচন উপলক্ষে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশসহ আইনশৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে।
সিটি কর্পোরেশনের ৪২৫টি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৩৭টি গুরুত্বপূর্ণ এবং ৮৮টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলোতে পুলিশ, আনসার ভিডিপিসহ ২৪ জন (১২ জন অস্ত্রধারী) সদস্য মোতায়েন থাকবে। আর সাধারণ কেন্দ্রগুলোতে ২২ জন (১০ জন অস্ত্রধারীসহ) সদস্য মোতায়েন থাকবে।
আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। ৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ড বিশিষ্ট এ সিটি কর্পোরেশনের মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭। এরমধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭হাজার ৮০১ জন নারী ভোটার।
এ নির্বাচনে ৭ জন মেয়র পদে, ৮৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Sylhetnewsbd Online News Paper