সিলেট নিউজ বিডি ডেস্ক: পদ্মা সেতুতে বসলো পঞ্চম স্প্যান। শুক্রবার (২৯ জুন) বেলা ১১টার পর স্প্যানটি বসানোর কাজ শুরু হয়ে দুপুর পৌনে একটা নাগাদ শেষ হয়। এর মাধ্যমে দেশের সব চেয়ে বড় এই সেতুর ৭৫০ মিটার দৃশ্যমান হলো।
সেতুর ৪১ ও ৪২ নম্বর পিলারের (খুঁটি) ওপর স্প্যানটি বসানো হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে স্টিলের অবকাঠামো স্প্যানটি উঠছে শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি করা হবে।
পদ্মা সেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি) মীর ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার মুন্সিগঞ্জের কুমারভোগের বিশেষায়িত জেটি থেকে স্প্যানটি নিয়ে আসা হয়।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর ১ম স্প্যান এবং ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যান এবং ১০ মার্চ তৃতীয় স্প্যান ও ১৩ এপ্রিল ৪র্থ স্প্যানটি বসানো হয়েছিল। এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু।
এদিকে পদ্মা সেতুর সার্বিক কাজের অগ্রগতি ৫৬ শতাংশ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে পদ্মা সেতুতে পঞ্চম স্প্যান স্থাপন উপলক্ষে মুন্সিগঞ্জে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন, সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চলতি বছরের অক্টোবরে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হবে। পদ্মাসেতুর কাজ শেষ হলে উভয় প্রান্তের মধ্যে সংযোগ দেওয়া হবে।
Sylhetnewsbd Online News Paper