ওসমানীনগর(সিলেট)সংবাদদাতা: কুশিয়ারা নদী থেকে দির্ঘদিন ধরে অপরিকল্পতি ভাবে ড্রেজার মেশিন দিয়ে স্থানীয় প্রভাবশালী মহল বালু উত্তোলন করে আসছে। এতে বসতি এলাকা নদী গর্ভে বিলিন হচ্ছে। বালু উত্তোলনের প্রতিবাদে নদীর তীরবর্তী বাসিন্দারা ফুঁসে ওঠেছেন। ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দারা বালু উত্তোলন বন্ধ করার দাবিতে বুধবার(০৪ জুলাই) বিকেলে নদী পারে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,আতিক মিয়া, আয়াজ মিয়া, আতর উল্যা, গিয়াস উদ্দিন, মোশাহিদ আলী, আক্তার হুসাইন, আনোয়ার হুসাইন, আনোয়ার মিয়া, আবু তালহা ও আবু মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় তিন মাস ধরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন। বালু উত্তোলনের কারণে আলিয়াবাদ মৌজার অন্তর্গত কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে ইতিমধ্যে প্রায় ২০ একর কৃষি জমি নদীগর্ভে চলে গেছে। আরো প্রায় তিনশ পরিবারের বাড়িঘর নদী ভাঙনের হুমকিতে রয়েছে। কৃষি জমি, কবরস্থান, মসজিদসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে চলে যাওয়ার উপক্রম হয়েছে।
‘মাহাদি ট্রেডার্স’ ও ‘তালুকদার এন্টারপ্রাইজ’ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্টানের নামে এলাকার চিহ্নিত প্রভাবশালী মহল তিনটি ড্রেজার মেশিন দিয়ে নদীর ওই অংশ থেকে বালু তুলে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ড্রেজার মিশিনের আগ্রাসনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর নির্মিত শেরপুর ব্রিজটি মারত্মক ঝুঁকিতে রয়েছে। মানববন্ধনে দ্রুত বালু উত্তোলন বন্ধ করতে এলাকার ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
Sylhetnewsbd Online News Paper