সিলেটে ১৩৪টি ভোট কেন্দ্রে নির্বাচনী উপকরণ প্রেরণ

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩৪টি ভোট কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে। কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার রেখে নির্বাচনী উপকরণ পাঠিয়েছে বলে নিশ্চিত করেন সংবাদ মাধ্যমকে রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান বিশ্বাস।

রোববার ২৯ জুলাই বেলা ১২টায় সিলেট শহরের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স থেকে কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ অন্যান্য উপকরণ বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এই নির্বাচনী উপকরণগুলো প্রিজাইডিং অফিসার নিজে পুলিশি পাহারায় উপকরণগুলো নিজ দায়িত্বে কেন্দ্রে নিয়ে যায়।

আগামীকাল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে বিকেল ৪টা পর্যন্ত। আলীমুজ্জামান বলেন, নয় জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ত্রিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচন কমিশনের ১০ জন পর্যবেক্ষক থাকছেন সিলেটে। নির্বাচন কমিশন ১৩৪টি ভোটকেন্দ্রের ২৭টি ওয়ার্ডে ৩লাখ ২১ হাজার ৭৩২ জন ভোটারের ব্যবস্থা করেছে।