ফুল ও মিষ্টি নিয়ে কামরানের বাসায় আরিফ,সহযোগিতার আশ্বাস

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদর উদ্দিন কামরানের বাসায় গেছেন বিএনপির আরিফুল হক চৌধুরী। নির্বাচনে কামরানের থেকে ভোটে এগিয়ে রয়েছেন তিনি। তবে দুই কেন্দ্রে ভোট স্থগিত থাকায় তাকে অপেক্ষায় থাকতে হচ্ছে।

মঙ্গলবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর ছড়ারপাড়ে ফুল ও মিষ্টি নিয়ে কামরানের বাসায় যান আরিফ। এসময় কামরান ও তার পরিবারের সাথে কুশল বিনিময় করেন আরিফ ও তার পরিবারের সদস্যরা।

নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে থাকা আরিফুল হক চৌধুরী সিলেটে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য কামরানের সহযোগিতা চান। এ ক্ষেত্রে বদর উদ্দিন কামরানও তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আরিফুল নিজেই। কামরানের বাসায় আরিফের সঙ্গে যান তার স্ত্রী শ্যামা হক ও তার মেয়ে সায়ইকা তাবাসসুম চৌধুরী।

এদিকে বিকেল পাঁচটার দিকে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে কমরান সংবাদ সম্মেলনের আহ্বান করলেও পরে তা স্থগিত করা হয়েছে।

সোমবার (৩০ জুলাই) সিলেটেও সিটি নির্বাচন হয়। এতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আরিফুল হক চৌধুরী ৯০ হাজার ৪৯৬ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের থেকে এগিয়ে রয়েছেন। তবে দু’টি কেন্দ্র স্থগিত জটিলতায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।