সিলেট নিউজ বিডি ডেস্ক: রাজধানীর রমনা পার্কের লেকের পানিতে ডুবে দুই ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার(১২ আগস্ট) রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দুই ছাত্র লেকের পানিতে গোসল করতে নামলে দু’জনই ডুবে যায়। নিহতদের নাম মাহফুজ ও আদনান। এদের মধ্যে মাহফুজ সাতার জানলেও আদনান জানতো না।
নিহতদের বন্ধু আরিফ জানায়, তারা তিন বন্ধু ক্লাস না করে দুপুরে রমনা উদ্যানে ঘুরতে আসে। এক পর্যায়ে আদনান ও মাহফুজ গোসল করতে নামে।এসময় মাহফুজের কাঁধে চড়ে আদনান সাঁতরাতে গেলে দু’জনেই পানিতে ডুবে যায়।আরিফের চিৎকারে আশপাশের লোকজন দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।সেখানে বিকেল সোয়া ৪টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
Sylhetnewsbd Online News Paper