সিলেট নিউজ বিডি ডেস্ক: নরসিংদী জেলার শিবপুর উপজেলায় বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে চার শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ সময় বর-কনেসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
মঙ্গলবার ১৪ আগস্ট সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চৈতন্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শুভ বর্মন (৩০), সজল বর্মন (২০), স্নিগ্ধা (৫), প্রান্তিকা (৬), বৃষ্টি (৭), সৌরভ বর্মন (১২) ও অজ্ঞাত ক্যামেরাপারসন (২৮)।
এ ব্যপারে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চৈতন্য এলাকায় পৌঁছায়। এ সময় বাসটির সামনের চাকা ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংদীর রায়পুরা থেকে চাঁদপুরগামী বরযাত্রীর বহরের একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।
তিনি আরো জানান, এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন শিশু মারা যায়। বর-কনেসহ বাস-মাইক্রোবাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সজল নামে আরো একজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসকরা সৌরভ বর্মন, শুভ বর্মন ও বিয়ের অনুষ্ঠানের অজ্ঞাত ক্যামেরাপারসনকে মৃত ঘোষণা করেন।
Sylhetnewsbd Online News Paper