সিলেট নিউজ বিডি ডেস্কঃ ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে সিলেট মহানগর এলাকায় ১২টি বৈধ পশুর হাট বসবে। এসব হাট থেকে পশু কিনতে অনুরোধ জানিয়েছে পুলিশ। এর বাইরে অবৈধ হাট বসলে পুলিশ অ্যাকশন নেবে বলে জানিয়েছে।
প্রতি বছর কোরবানির ঈদ এলেই সিলেটজুড়ে অবৈধ পশুর হাট বসে। এবারও নগরীর উপশহর, তেররতন, রিকাবিবাজার, আম্বরখানা, শাহী ঈদগাহ, আখালিয়া, দক্ষিণ সুরমাসহ বেশ কিছু জায়গায় অবৈধ পশুর হাট বসাতে তৎপরতা চলছে। এরই মাঝে মহানগর এলাকায় ১২টি বৈধ পশুর হাটের তথ্য দিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্রে জানা গেছে, নগরীর কোতয়ালী থানার কাজীরবাজার পশুর হাট, জালালাবাদ থানার শিবের বাজার পশুর হাট, কুড়িরগাঁও (ইসলামগঞ্জ বাজার) পশুর হাট, বিমানবন্দর থানার সাহেব বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার মাটে পশুর হাট, দক্ষিণ সুরমা থানার লালাবাজার পশুর হাট, কামালবাজার পশুর হাট, মোগলাবাজার থানার জালালপুর পশুর হাট, হাজীগঞ্জ বাজার ও রাখালগঞ্জ বাজার পশুর হাট এবং শাহপরান থানা এলাকায় আরও তিনটি পশুর হাট বসবে।
পুলিশ বলছে, এই হাটের বাইরে মহানগর পুলিশের আওতাধীন এলাকায় কোনো অবৈধ হাট বসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ‘এই ১২টি হাট প্রশাসন ইজারা দিয়েছে। তাই এগুলো বৈধ হাট। এর বাইরে কোনো হাট বসলে আমরা ব্যবস্থা নেব।’

Sylhetnewsbd Online News Paper