বড়লেখায় ডাইভার্সন নির্মাণে অনিয়মঃ ৪ দিন ধরে সড়ক যোগাযোগ বন্ধ, চরম জন দুর্ভোগ

সিলেট নিউজ বিডি ডেস্ক: মৌলভীবাজার কুলাউড়া চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের একটি ডাইভার্সন নির্মাণে ঠিকাদারের অনিয়মের কারণে গত ৪ দিন ধরে বিয়ানীবাজার ও বড়লেখার সাথে ঢাকাসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নিম্ন মানের ডাইভার্সনের কারণে তা নিচের দিকে দেবে আটকে পড়েছে মালবাহী ট্রাক। ফলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি আটকা পড়ে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহালেও নির্বাক রয়েছে সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট ঠিকাদার। জনদূর্ভোগের জন্য ঠিকাদারের লোকজনকে এলাকাবাসী দায়ী করলে উল্টো তারা পুলিশ দিয়ে হয়রানির চেষ্টা চালায়।

জানা গেছে, কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখার রতুলি বাজারের উত্তর পাশে একটি কালভার্ট নির্মাণের টেন্ডার আহবান করে সড়ক ও জনপথ বিভাগ। নির্মাণ কাজের টেন্ডার পায় খুলনার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সাব কন্টাক্ট নিয়ে কালভার্ট নির্মাণের লক্ষ্যে ডাইভার্সনের কাজ করেন মৌলভীবাজারের জনৈক শ্যামল মিয়া। কিন্তু ডাইভার্সনের কাজ সঠিকভাবে না করেই যানবাহন চলাচল উন্মুক্ত করে দেয়ায় বুধবার ভোরে মাঝপথে একটি মালবাহী ট্রাক আটকা পড়ে। এতে গত ৪ দিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কের উভয় পাশে আটকে পড়েছে শত শত যানবাহন। দুর্ভোগ পোহাচ্ছেন এসড়কে চলাচলকারী হাজার হাজার মানুষ। স্থানীয় লোকজন অভিযোগ করেন ঠিকাদার সঠিকভাবে ডাইভার্সন না করায় গাড়ি দেবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার বিকেলে সরেজমিনে গেলে বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিঞা জানান, প্রাইমারীর শিক্ষার্থীর পাঠ্যবই বাহী তিনটি ট্রাক গত দুইদিন ধরে এখানে আটকা পড়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাগামী যাত্রীবাহী বাসের যাত্রীরা কয়েক দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। রতুলি বাজারের ব্যবসায়ী বাবুল মিয়া ও সাইদুল ইসলাম জানান, ৪ দিন ধরে যানবাহন ও যাত্রীদের সমস্যা হলেও নির্বাক সড়ক ও জনপথ বিভাগ। খোঁজে মিলেনি সওজের কোন কর্মকর্তাকে। দ্রুত জনদুর্ভোগ লাঘবের কথা বলায় ঠিকাদারের লোকজন শুক্রবার রাতে পুলিশ দিয়ে আমাদেরকে হয়রানী করেছে।

এ ব্যাপারে নির্মাণ কাজের সাব-কন্টাক্টর শ্যামল মিয়া ডাইভার্সন রোড নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করে জানান, মাটি নরম থাকায় গাড়ি দেবে যাচ্ছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে তিনি দ্রুত ব্যবস্থা নিচ্ছেন।

সিলেট নিউজ বিডি ডট কম/২৪ নভেম্বর ১৮ইং/ম,উদ্দিন/বড়লেখা