সিলেট ওসমানী হাসপাতাল থেকে ঢাকায় যাচ্ছে না ‘হার্ট লান’মেশিন

সিলেট নিউজ বিডি ডেস্ক: অবশেষে লেখালেখি ও আন্দোলনের মুখে সিলেট ওসমানী হাসপাতাল থেকে ‘হার্ট লান’মেশিনটি ঢাকায় আর যাচ্ছেনা বলে জানা গেছে ।

শনিবার ‘সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের সংরক্ষণ পরিষদের’ একটি প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: ইউনুস রহমান মেশিনটি ঢাকায় না যাবার কথা বলেন।

এর আগে কুট কৌশলের মাধ্যমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ‘হার্ট লান’ মেশিনটি ঢাকায় নেয়ার সিদ্ধান্ত চুড়ান্ত হওয়ার খবরটি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন পোর্টালে তুলে ধরা হয়। মেশিনটি সরিয়ে নেয়ার সিদ্ধান্তের বিষয়ে পবিত্র ঈদুল ফেতরের ছুটিতে আসা একজন সচিবের মাধ্যমে জানাজানি হয়ে পড়ে।‘হার্ট লান’ মেশিনের স্থলে এনজিওগ্রাম মেশিন বলায় শুরুতে এ নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা দিলেও পরে অবশ্য এই বিভ্রান্তি দূর হয়।হাসপাতালের দায়িত্বশীল সুত্র থেকে জানা যায় ‘হার্ট লান’ মেশিনটি সিলেট থেকে ঢাকায় পাঠানোর ব্যাপারে মন্ত্রনালয় থেকে নির্দেশ এসেছে।আর সেই নির্দেশ এক সপ্তাহের মধ্যে কার্য্যকর করার কথা ছিলো। এমনও বলা হয় পরে আবার প্রয়োজনে মেশিনটি ফেরত নিয়ে আসা হবে। এসকল তথ্য জানার পর লেখালেখির মাত্রা আরো বেড়ে যায়। সিলেট থেকে মেশিন নেয়ার প্রতিবাদে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন মানববন্ধন কর্মসূচি পালন করে।এ নিয়ে লেখালেখি ও আরো আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি যখন চলছিলো তখন বিষয়টি আঁচ করতে পেরে হাসপাতাল কতৃপক্ষ কুট কৌশল থেকে সরে এসে এই ঘোষনা দিতে বাধ্য হলো।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক প্রতিনিধি দলকে যা জানান তা আগেই বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুকে তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন, এই মেশিনটি এ বছরের শুরুতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে।
‘ওপেন হার্ট সার্জারি’ করার ক্ষেত্রে ‘হার্ট লান’ মেশিনটি ব্যবহার করা হয়। সরকার এটির জন্য ‘কার্ডিয়াক ভাসকুলার সার্জন এবং একটি টিম’ দিয়েছিলো। কার্ডিয়াক ভাসকুলার সার্জন ডা. মাহবুবুর রহমান হঠাৎ হৃদরোগে মারা যান।

তিনি আরো জানান, ১ কোটি ৮২ লাখ টাকা মূল্যের এ যন্ত্রটি ব্যবহারের উপযোগী অবকাঠামোগত সুবিধা ও লোকবল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেই।
তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই ‘হার্ট লান’ মেশিন সহ সর্বাধুনিক অন্যান্য যন্ত্রপাতি সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ কার্ডিয়াক সেন্টার স্থাপনের জন্যে খুব শিগগির একটি প্রস্তাব সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।

এদিকে ‘হার্ট লান’মেশিন কুট কৌশলের মাধ্যমে সরিয়ে নেয়ার পরিকল্পনা যারা লেখালেখি ও আন্দোলনের মাধ্যমে রুখে দিলেন তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে মনে করেন অনেকেই। ভবিষ্যতেও সিলেটবাসীর যে কোন সবার্থ সংশ্লিষ্ট বিষয়ে এভাবে সোচ্ছার থাকবেন বলেই মনে করেন তারা।
সুত্রঃ সিলেট বার্তা২৪