কাশ্মীরের ঘটনায় রাজধানীতে বিভিন্ন ইসলামী সংগঠনের উদ্বেগ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী সংগঠন। অন্যদিকে, জামায়াতে ইসলামী গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। আরো বিবৃতি দিয়েছে খেলাফত আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, মুসলিমলীগসহ সমমনা বিভিন্ন দল। জাতীয় প্রেসক্লাবের সামনে চরমোনাইয়ের পীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করীমের নেতৃত্বে বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

সমাবেশে সৈয়দ ফয়জুল করীম চরমোনাই কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এ প্রসঙ্গে আরও বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক নজিবুর রহমান, ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম ওমর প্রমুখ।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার সমালোচনা করে বলেন, ভারতের এই পদক্ষেপে আমরা গভীর উদ্বিগ।

ঢাবিতে মানববন্ধন: এদিকে, একই ইস্যুতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন করে তারা। মানববন্ধনে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা), কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।