বড়লেখায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৭টি দোকানে জরিমানা

মস্তফা উদ্দিন: অতিরিক্ত দামে বিভিন্ন পণ্য বিক্রিয় ও মূল্য তালিকা না থাকার অপরাধে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সাতটি দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলি বাজারের সাতটি দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করে।

এ সময় কাঠালতলি বাজারের ব্যবসায়ী আব্দুস শুক্কুরকে ১০ হাজার টাকা, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের রতুলি বাজারের কাউছার ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার, অজিত ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার ও শ্রী-দুর্গা ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার এবং সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী শাহাব উদ্দিনকে ৫ হাজার, ইমন ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার এবং বিষাণ ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।